এবার পুজোয় সেরা চমক
শ্যামল চ্যাটার্জি
কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। দুই বছর বাদে এবার জমিয়ে পুজো দেখার তোড়জোরও শুরু করে দিয়েছেন অনেকেই। পুজো কমিটিগুলোও এবার নানাধরণের থিম নিয়ে হাজির হচ্ছে। যা আপনাদের সকলেরই জানা। বৈদ্যুতিন চ্যানেলগুলোও তার প্রচার করছে। কিন্তু এরই মধ্যে একেবারে ভিন্ন স্বাদের থিম নিয়ে হাজির হতে চলেছে বাঘা যতীন এলাকার মাতৃ সংসদ। এবারে তাদের থিম ‘সঞ্জীবন’। বিষয় মরণোত্তর দেহ, অঙ্গ ও টিস্যু দান বিষয়ে মানুষকে সচেতন করা। এর সমগ্র পরিকল্পনায় আছে সুদীপ্ত পাল আর সোমনীল সাহা। যারা আবার উদ্যোক্তাও বটে।
কেন এই বিষয়কে তারা বেছে নিল।
মাতৃ সংসদের সদস্য সুদীপ্ত, বাসুদেব আর সোমনীলদের বন্ধু ২৯ বছরের রাহুল দে গত আড়াই বছর ধরে কিডনির সমস্যায় অসুস্থ। দুটো কিডনিই খারাপ। ডায়ালেসিস চলছে। অবিলম্বে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। শুধু রাহুল নয় রাহুলের মতো আরো অনেকেই আমাদের রাজ্যে বা দেশে যাদের বাঁচানোর জন্য কিডনি প্রয়োজন।
আমাদের রাজ্যে ও দেশে প্রতিদিন বহু মানুষ দূর্ঘটনা বা অন্য কারণে ভেন্টিলেশনে থাকা অবস্থায় মস্তিষ্ক কান্ডের মৃত্যুর ফলে মৃত্যু হচ্ছে। এই ধরণের মৃত্যুতে যদি মৃতের পরিবার মৃতের অঙ্গদান করেন তাহলে শুধু রাহুল নয়, রাহুলের মতো আরো অনেকে নতুন জীবন লাভ করতে পারে। শুধুমাত্র কিডনি নয়। হার্ট, লিভার, ল্যাঙ, প্যানক্রিয়াস ইত্যাদির সমস্যার জন্য মৃত্যুপথযাত্রী তারাও নতুন জীবন লাভ করতে পারে।
গনদর্পণ, মাতৃ সংসদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাচ্ছে এবং সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছে।


