শুক্রবার দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহ পরিস্থিতি থাকলেও চারটি জেলার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে এবং তার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর আছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তার মধ্যেই আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।
কলকাতা সহ অন্য জেলাগুলিতেও তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বুধবারও সর্বোচ্চ তাপমাত্রা ৪২-৪৪ ডিগ্রির মধ্যে ছিল। রাজ্যের উষ্ণতম স্থান এদিনও ছিল বাঁকুড়া (৪৪.১ ডিগ্রি)।
আশার কথা হল, শনিবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে না। ওইদিন থেকে তাপমাত্রা পর্যায়ক্রমে ২-৩ ডিগ্রি কমবে। শনি ও রবিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও মঙ্গলবারের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে।


