দুর্গাপুর, 2 মে: বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা সাইফুল ইসলাম শান্ত এক অনন্য উদ্যোগ নিয়ে পথে নেমেছেন। পরিবেশ বাঁচাতে তিনি পায়ে হেঁটে বিশ্বভ্রমণ শুরু করেছেন। ঢাকা থেকে যাত্রা শুরু করে তিনি ইতিমধ্যেই বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পৌঁছেছেন। আজ তিনি পৌঁছেছেন শিল্পাঞ্চল দুর্গাপুরে।
শান্তকে স্বাগত জানাতে দুর্গাপুরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীরা। তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন সংগঠনের অন্যতম নেতা প্রাক্তন শিক্ষক শ্রীকান্ত চট্টোপাধ্যায়। তিনি বলেন, "গোটা বিশ্ব উষ্ণায়নের কবলে। তাপমাত্রা বাড়ছে ব্যাপকভাবে। এই পরিস্থিতিতে পৃথিবীকে শান্ত করার জন্যই যেন পথে নেমেছেন এই সাইফুল ইসলাম শান্ত।"
শান্ত বলেন, "যখন যথেচ্ছভাবে বৃক্ষ ছেদন গোটা বিশ্বের জলবায়ুকে বিপন্ন করে তুলেছে, ঠিক সে সময় আমার এই উদ্যোগ নিঃসন্দেহে গোটা পৃথিবীর কাছে এক অনুপ্রেরণা দেবে।"
তিনি দুর্গাপুরের সাংবাদিকদের বলেন, "এটি আমার জীবনের অন্যতম পদক্ষেপ। আমি আগেও বিভিন্ন জায়গায় ট্রেক করেছি। তবে পরিবেশ বাঁচানোর বার্তা নিয়েই আমার এই কর্মকাণ্ড।"
বাড়ির সবার মত তিনি বেরিয়ে পড়েছেন বলে শান্ত জানান। তার হিসেবে, গোটা বিশ্ব ভ্রমণ করতে প্রায় 12 বছর লাগবে। এখন তিনি টার্গেট করেছেন গোটা এশিয়া ভ্রমণ। ভারত থেকে তিনি উজবেকিস্তান যেতে চান। সেখান থেকেই তার পরবর্তী পরিকল্পনা।
এখন পর্যন্ত যেসব জায়গায় তিনি গেছেন, সেখানে তিনি একই বার্তা দিয়েছেন। তিনি দেখেছেন, রাস্তার পাশে যথেচ্ছভাবে বৃক্ষ ছেদন করা হচ্ছে। এর ফলে পৃথিবীর পরিবেশ উত্তপ্ত হচ্ছে। এই পরিবেশের উত্তাপ নিয়ন্ত্রণ করতে হলে আমাদের প্রতিটি জায়গায় বৃক্ষরোপণ করতে হবে।
শান্ত আরও বলেন, "গোটা বিশ্বের মানুষ যদি পৃথিবী বাঁচাতে এগিয়ে আসে, তাহলে পরবর্তী প্রজন্ম আরও বেশি করে শান্তিপূর্ণভাবে পৃথিবীতে বসবাস করতে পারবে।"
শান্তের এই উদ্যোগ দুর্গাপুরে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাকে দেখতে এসেছিলেন এবং তার সাথে আলাপচারিতায় অংশ নিয়েছিলেন। অনেকেই বলেছেন, দুর্গাপুরে বিগত কয়েক দশকের পর এই ধরনের তীব্র গরম অনুভূত হচ্ছে।এছাড়াও দুর্গাপুরের বিভিন্ন জায়গায় জঙ্গলে আগুন লাগার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।







