রামপুরহাট, বীরভূম: বাংলার রাজনৈতিক ময়দানে ফের নিজেদের উপস্থিতি জোরালো করছে বামেরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন, মিছিল ও গণসংযোগ কর্মসূচির মাধ্যমে বিরোধী রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে উঠে আসছে সিপিআই(এম) ও বামফ্রন্ট। রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূল কংগ্রেস যেখানে একাধিক এলাকায় সংগঠনগত চ্যালেঞ্জের মুখে, সেখানে বামেরা ধীরে ধীরে নিজেদের জমি পুনর্দখলের চেষ্টা চালাচ্ছে।
এই আবহেই আজ বীরভূমের রামপুরহাটে সিপিআই(এম) বীরভূম জেলা কমিটির ডাকে মহকুমা শাসকের দফতর অভিযান ঘিরে চোখে পড়ে ব্যাপক জনসমাগম। SIR-এ নাম নথিভুক্তকরণকে কেন্দ্র করে বহু সাধারণ মানুষকে অংশ নিতে দেখা যায় কর্মসূচিতে।
মিছিল থেকে বাম নেতৃত্ব মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তাঁদের দাবি, সাধারণ মানুষের স্বার্থে রাস্তায় নেমে আন্দোলন করছে একমাত্র বামেরাই।
অংশগ্রহণকারীদের একাংশের বক্তব্য, বাংলার বিরোধী পরিসরে এখন ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে বামপন্থীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের কর্মসূচি আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।



