নিজস্ব সংবাদদাতা: দমদম-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হকার উচ্ছেদ অভিযানের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে সিটু দাবি জানিয়েছে, অবিলম্বে নবগঠিত রাজ্য সরকার যেন স্ট্রিট ভেন্ডর্স (প্রোটেকশন অব লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অব স্ট্রিট ভেন্ডিং) আইন, ২০১৪ সম্পূর্ণভাবে কার্যকর করে হকারদের জীবিকা ও রুজি-রুটি সুরক্ষিত রাখে। অন্যথায় সারা বাংলা জুড়ে বৃহত্তর প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
সিটুর বক্তব্য, দেশের লক্ষ লক্ষ হকার ও পথবিক্রেতার জীবিকার অধিকার রক্ষার উদ্দেশ্যে ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার স্ট্রিট ভেন্ডর্স আইন প্রণয়ন করে। এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, বৈধভাবে নথিভুক্ত হকারদের উচ্ছেদ বা হয়রানি করা যাবে না। প্রতিটি পুরসভা ও নগর এলাকায় টাউন ভেন্ডিং কমিটি (TVC) গঠন করে হকারদের নিবন্ধন, ভেন্ডিং জোন নির্ধারণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করার কথা রয়েছে।
সংগঠনের অভিযোগ, আইনের বিধান থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বহু এলাকায় এখনও টাউন ভেন্ডিং কমিটি কার্যকর নয়, অধিকাংশ হকার ভেন্ডিং সার্টিফিকেট পাননি এবং প্রশাসন প্রায়শই উচ্ছেদ অভিযান চালাচ্ছে। ফলে হাজার হাজার পরিবারের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়ছে।
সিটু নেতৃবৃন্দ বলেন, ভারতের সংবিধানের ১৯(১)(জি) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের ব্যবসা বা পেশা পরিচালনার অধিকার রয়েছে। হকারদের জীবিকা কেড়ে নেওয়া এই সাংবিধানিক অধিকারেরও পরিপন্থী।
সংগঠনের দাবি, অবিলম্বে হকারদের সমীক্ষা সম্পন্ন করে বৈধ স্বীকৃতি দিতে হবে, টাউন ভেন্ডিং কমিটি সক্রিয় করতে হবে, উচ্ছেদের নামে জীবিকা ধ্বংস বন্ধ করতে হবে এবং আইন মেনে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
সিটুর পক্ষ থেকে জানানো হয়েছে, হকারদের রুজি-রুটি রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ না করলে রাজ্যের সর্বত্র গণআন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হবে।


