ইনসাফ চাই । চাই-ই চাই। Are You Ready for the Magic?
(বিপুল ভট্টাচার্য)
নন্দীগ্রামে যে পুলিশ অফিসাররা অভিযানে ছিলেন সবার পদোন্নতি হয়েছে । যে অফিসার গুলিচালনার অর্ডার দিয়েছিলেন তাঁরও।
তাপসী মালিক মামলায় ডেটের পর ডেট যাচ্ছে কোনও অগ্রগতি নেই । তাঁর বাবা এখন তর্জনী তুলেছেন নিজেদের লোকেদের দিকে ।সুশান্ত ঘোষের মামলায় বাদীপক্ষ আসছেই না কোর্টে। কেন? তথ্য প্রমাণ নেই বলে?
সিঙ্গুরে নামমাত্র জমিতে চাষ হয় । ধু ধু প্রান্তর। পড়ে আছে ভগ্নস্তুপ। হাজার একরের শিল্পশ্মশান ।রিজওয়ানুর রহমান। বিস্তারে যাব না। সব্বাই জানে। অভিযুক্ত পুলিশ অফিসারদের গায়ে আঁচড়টুকু লাগেনি। কারো কিস্যু হয়নি। শুধু একটি হাস্যময় যুবকের লাশ দেখিয়ে তার ভাই দুই টার্ম এমএলএ।রিজওয়ানূর রহমান মৃত্যু থেকে একমাত্র লাভবান তাঁর ভাই রুকবানুর যিনি ভাইয়ের ছবি টাঙ্গিয়ে চাপড়ার এমএলএ হয়ে আছেন।অশোক টোডির সঙ্গে 'তেনাদের' ভাব হয়ে গেছে।
তাপসী মালিক। কিশোরীর পোড়া লাশের বীভৎস ছবি কে ভুলতে পারে? ময়না তদন্তে ধর্ষণের কোনো উল্লেখ না থাকলেও পোস্টার আর হোর্ডিং-এ সে 'ধর্ষিতা'। বছরের পর বছর চলে গেছে। জমানাবদল এখন অতীত। তাপসী হত্যার মামলা এখনো হিমঘরে ।
কাকে দোষ দেব আমরা? চম্পলা সর্দারকে ভুলে গেছি? নদীয়ার হতভাগ্য মূক-বধির দিপালী বসাককে? ১৯৯৩ সালের ৭ জানুয়ারি যাকে নিয়ে রাইটার্সে জ্যোতিবাবুর ঘরের সামনে তুলকালাম হয়েছিল? পরে কেউ তার দিকে ফিরেও তাকায়নি।
ইনসাফ কেউ পায়নি , বরুণ বিশ্বাস, অভিজিত ভাণ্ডারী , তপন দত্ত , কামদুনির শিপ্রা , ধুপগুড়ির হিমানী , রানাঘাটের ৭১ বছরের মাদার সুপিরিয়র , মধ্যমগ্রামের স্বপ্না ঝা --কেউ না।সুদীপ্ত গুপ্ত, স্বপন কোলে , আনিস, মইদুল , বিদ্যুত্ কেউ না কেউ না । শুধু চোরে আর জোচ্চোরে ভরে গেছে চরাচর।
তাই আজ ইনসাফ সভা। ধর্মতলায় বারোটা।
ছেলেমেয়েরা কী বলছে কান পেতে শুনুন।
"চালাও লাঠি, চালাও গুলি , চালাও জলকামান -
'সিনা টানকে' লড়াই দেবে লক্ষ আনিস খান!"
Bipul Bhattacharya


