স্বর্ণ মন্দিরের কাছে আবার বিস্ফোরণ। বুধবার মধ্যরাতে জোর শব্দে কেঁপে উঠল স্বর্ণ মন্দিরের আশপাশের এলাকা। পুলিশ সূত্রে খবর, রাত সওয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে স্বর্ণমন্দির এলাকার শ্রী গুরু রামদাস নিবাসের কাছে বিস্ফোরণ ঘটে। তবে হতাহতের কোনও খবর নেই বলে পঞ্জাব পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, হরমন্দির সাহিবের কাছে যে উদ্যান রয়েছে, তার সামনের গলিপথ গালিয়ারায় এই বিস্ফোরণ ঘটে। এই প্রথম বার নয়, সাত দিনের মধ্যে পর পর তিন বার স্বর্ণ মন্দির এলাকায় বিস্ফোরণ হয়েছে। পুলিশের দাবি, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কিছু লিফলেট পাওয়া গিয়েছে। বোমা ফাটার পর তার অবশিষ্টাংশও উদ্ধার করেছে পুলিশ।


