২৪ ঘণ্টার ব্যবধানের মধ্যে আরও একটি বড়সড় রেল দুর্ঘটনা ঘটে যেতে পারত। লোকো পাইলটের বিচক্ষণতায় রক্ষা পেল আরও একটি এক্সপ্রেস।কন্যাকুমারী-চেন্নাই এগমোর এক্সপ্রেস দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কোনওমতে। ত্রিচির কাছে রেললাইনে লরির বড়-বড় টায়ার রেখে দিয়েছিল কেউ বা কারা।লোকে পাইলটের তত্পরতায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
জানা গিয়েছে, খুব ধীর গতিতে সেই টায়ারগুলিতে গিয়ে ধাক্কা মারে ট্রেনটি। কোনও যাত্রী আহত হননি। তবে লাইনের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাত ১২ টা ৩০ মিনিট ত্রিচিতে পৌঁছয় কন্যাকুমারী-চেন্নাই এগমোর এক্সপ্রেস। ভালাদি স্টেশন পার করার পর লাইনে কালো মতো কিছু একটা দেখতে পান লোকো পাইলট।
ভালাদি স্টেশনে রেলের অফিসে খবর দেন ওই ট্রেনের লোকো পাইলট। ছুটে আসেন রেল আধিকারিকরা। এর পর লাইন থেকে সেই টায়ারগুলি সরানোর কাজ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে লাইন মেরামতির কাজ হয়। তার পর ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয়।
প্রাথমিকভাবে এই ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রেল। কেউ বা কারা নাশকতার উদ্দেশে লাইনের উপর টায়ার রেখে গিয়েছিল বলেও মনে করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। রেল প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, কয়েকজন দুষ্কৃতি টায়ারগুলি লাইনের উপর ফেলে দিয়ে চলে যায়। লরির টায়ার হওয়ায় সেগুলি বেশ বড় আকারের। তাই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।


