দুর্গাপুর: এম.ডি.ও (Mine Developer and Operator) এবং রেভিনিউ শেয়ারিংয়ের নামে কয়লা খনি বেসরকারিকরণের অপচেষ্টা, কোল ইন্ডিয়ার শেয়ার বিক্রি, শ্রম কোড বাতিল, ঠিকা শ্রমিকদের ন্যায্য বেতন প্রদান, এবং ভূ-ধস প্রভাবিত এলাকার মানুষদের পুনর্বাসন সহ একাধিক দাবিতে আজ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর সদর দফতর সাকতোড়িয়ায় এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। এই সমাবেশের আয়োজন করে সিএমএসআই (সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন)।
বিক্ষোভকারীরা জানান, কেন্দ্র সরকারের ভুল নীতির কারণে শ্রমিকদের দুর্দশা বাড়ছে। এম.ডি.ও এবং রেভিনিউ শেয়ারিংয়ের নামে কার্যত কয়লা খনিগুলিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে, যা শ্রমিকদের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। একই সাথে, কোল ইন্ডিয়ার শেয়ার বিক্রি করে সরকারি সম্পত্তিকে ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। নতুন শ্রম কোডকে শ্রমিক-বিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ইসিএল-এর বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন। তারা বলেন, ঠিকা শ্রমিকদের হাইকোর্ট অনুমোদিত বেতন দেওয়া হচ্ছে না। পাশাপাশি, জমির বদলে চাকরি এবং ভূ-ধস কবলিত এলাকার মানুষের পুনর্বাসন সংক্রান্ত প্রতিশ্রুতিও পূরণ করা হয়নি। বক্তারা ইসিএল-এ ব্যাপক দুর্নীতি ও কয়লা চুরির অভিযোগও তোলেন এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।
এদিনের সমাবেশে ইসিএল-এর বিভিন্ন স্তরের শ্রমিকদের বেশ কিছু দীর্ঘদিনের জমে থাকা দাবিও তুলে ধরা হয়, যার মধ্যে অন্যতম হলো কোলিয়ারি থেকে সদর দফতর পর্যন্ত বিভিন্ন স্তরে শ্রমিকদের বকেয়া দাবিগুলি দ্রুত নিষ্পত্তি করা। এছাড়াও, ইসিএল-এর সমস্ত হাসপাতালে উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার দাবি জানানো হয়। সিআইটিইউ পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি এই দাবিগুলি দ্রুত পূরণ না করা হয়, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।





