তিরুবনন্তপুরম/কলম্বো, ২৭ মে ২০২৬: কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য কমরেড পিনারাই বিজয়নের বাসভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তল্লাশি অভিযানকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরেও প্রতিবাদের ঝড় উঠেছে। এবার এই ঘটনায় তীব্র নিন্দা জানাল শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টি।
শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের ইডি যে অভিযান চালিয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বামপন্থী আন্দোলনকে ভয় দেখানোর চেষ্টা। বিবৃতিতে বলা হয়েছে, পিনারাই বিজয়ন বরাবরই শ্রমিক, কৃষক এবং নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থেকেছেন। কেরলের বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) সরকারগুলি সাধারণ মানুষের স্বার্থে বিকল্প উন্নয়নের পথ দেখিয়েছে, আর সেই কারণেই প্রতিক্রিয়াশীল শক্তিগুলি এই ধরনের আক্রমণ চালাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “ভয় দেখিয়ে বামপন্থীদের কণ্ঠরোধ করা যাবে না। কেরলে লাল পতাকা উড়বে এবং সেই সংগ্রাম চলবে।” একইসঙ্গে কমরেড পিনারাই বিজয়ন, সিপিআই(এম) এবং কেরলের শ্রমিক-কৃষকদের প্রতি সংহতি ও বিপ্লবী শুভেচ্ছা জানানো হয়েছে।
শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টির এই বিবৃতি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আন্তর্জাতিক স্তরেও এই ইডি অভিযান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।



