দুর্নীতির অভিযোগে গ্রেফতার পৌরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য
উত্তর ২৪ পরগনার বদুড়িয়ায় তৃণমূল কংগ্রেস নেতা তথা বদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে ঘিরে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। পুলিশ ও তদন্তকারী সংস্থার যৌথ অভিযানে তাঁর ঘনিষ্ঠ সূত্র এবং বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে প্রায় ৪ হাজার ত্রাণের ত্রিপল, যা সরকারি ত্রাণ প্রকল্পের জন্য বরাদ্দ ছিল বলে অভিযোগ।
সূত্রের খবর, উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ প্রায় ৮০ লক্ষ টাকা। যদিও সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে “২ কোটি টাকা উদ্ধারের” দাবি ঘুরে বেড়ালেও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত সেই অঙ্ক নিশ্চিত করা হয়নি।
অভিযানের পরই দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুত করা হয়েছিল। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
বিরোধীদের অভিযোগ, রাজ্যে শাসকদলের একাংশ দীর্ঘদিন ধরে দুর্নীতির সঙ্গে জড়িত এবং এই ঘটনা তারই প্রমাণ। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া নগদ অর্থের উৎস, ত্রাণ সামগ্রী কীভাবে সেখানে পৌঁছল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


