নিজস্ব প্রতিনিধি, সোনারপুর:
ভোট-পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ Abhishek Banerjee। তবে সেখানে পৌঁছনোর আগেই তাঁর সফরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সোনারপুরে ঢোকার মুখে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি সমর্থকরা। "গো ব্যাক" ও "চোর" স্লোগান তোলা হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চারচাকা গাড়ি ছেড়ে মোটরবাইকে করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
অভিযোগ, সেই সময় কিছু বিক্ষোভকারী তাঁর দিকে এগিয়ে এসে ধস্তাধস্তি করে এবং চড়-ঘুষি মারার চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে তিনি মাথায় ক্রিকেটের হেলমেট পরে এগোতে থাকেন। তৃণমূলের অভিযোগ, তাঁর দিকে ডিম ও জুতোও ছোড়া হয় এবং তাঁর শার্টের বোতাম ছিঁড়ে যায়।
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এই বিক্ষোভ হয়েছে। যদিও শারীরিক হেনস্থার অভিযোগ নিয়ে দলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত তৃণমূল কর্মীর বাড়ি থেকে বের করতে সক্ষম হন। সেখানে গিয়ে দীর্ঘক্ষন আটকে থাকেন এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, শনিবার ছিল বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি। বেলেঘাটা ও সোনারপুরে ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত ও নিহত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করার কর্মসূচি ছিল তাঁর। একই দিনে বিধানসভার সই-কাণ্ড তদন্তে রাজ্য সিআইডি তাঁর বাসভবনে নোটিস পৌঁছে দেয়, যা রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা করেছে। অন্যদিকে বিজেপি এর দাবি, রাজ্যের মানুষের ক্ষোভই এই বিক্ষোভের কারণ।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভোট-পরবর্তী পরিস্থিতিতে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মেরুকরণকে আরও স্পষ্ট করে তুলল। একই সঙ্গে প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা, রাজনৈতিক সহনশীলতা এবং গণতান্ত্রিক প্রতিবাদের সীমারেখা নিয়েও।


