দুর্গাপুর, ২২ জুন: দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে গতকাল শ্যামপুর আদিবেদী ময়দানে এক বর্ণাঢ্য প্রকাশ্য রক্তদাতা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিপুল সংখ্যক রক্তদাতা, স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সংগঠনের সদস্যদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, মানবতার সেবায় রক্তদান এক মহৎ উদ্যোগ। দুর্ঘটনা, অস্ত্রোপচার কিংবা বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় নিরাপদ রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশে বক্তব্য রাখেন লক্ষন চন্দ্র ঘোড়ুই, কবি ঘোষ, আয়ুব আনসারি এবং রাজেশ পালিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষক প্রসেনজিৎ ব্যানার্জি।
রজতজয়ন্তী বর্ষের এই বিশেষ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০টি রক্তদাতা সংগঠনকে সম্বর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করে দুর্গাপুর সুরের আলো এবং আবৃত্তি পরিবেশন করে দুর্গাপুর শ্রুতিরঙ্গম। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মন জয় করে।
রক্তদাতা সংগঠনের সদস্যরা জানান, আগামী দিনেও বৃহত্তর সমাজের কল্যাণে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলাই তাদের মূল লক্ষ্য। রজতজয়ন্তী বর্ষের এই সমাবেশ সেই অঙ্গীকারকেই আরও দৃঢ় করল।




