নয়াদিল্লি, ১০ জুন: বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় অন্তত ৮ জন কর্মীর মৃত্যু এবং একাধিক শ্রমিক গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিটু)। সংগঠনের পক্ষ থেকে দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের চিহ্নিতকরণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং মৃত শ্রমিকদের পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে।
সিটুর সাধারণ সম্পাদক এলামারাম করিম ৯ জুন প্রকাশিত এক বিবৃতিতে জানান, ৮ জুন স্টিল প্ল্যান্টের স্টিল মেল্টিং শপ (এসএমএস) থেকে কনটিনিউয়াস কাস্টিং ইউনিটে গলিত ইস্পাত স্থানান্তরের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩ জন স্থায়ী কর্মী, ৪ জন চুক্তিভিত্তিক শ্রমিক এবং একজন আধিকারিক নিহত হন। গুরুতর আহত হন অন্তত ৬ জন।
সিটুর অভিযোগ, ঘটনাটিকে প্রাথমিকভাবে "আগুনের দুর্ঘটনা" বলে উল্লেখ করা হলেও প্রকৃত কারণ আড়াল করার চেষ্টা হয়েছে। সংগঠনের দাবি, গলিত ইস্পাত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বাধ্যতামূলক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়নি। এর ফলেই ল্যাডলে গলিত ধাতুর বিস্ফোরণ ও ছিটকে পড়ার ঘটনা ঘটে থাকতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে উৎপাদন ক্ষমতার তুলনায় মাত্র একটি ল্যাডল ফার্নেস (LF) রয়েছে, যেখানে সেলের অন্যান্য সমন্বিত ইস্পাত কারখানায় তিন বা তার বেশি ল্যাডল ফার্নেস ব্যবহৃত হয়। শ্রমিক সংগঠনগুলির দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এই অবকাঠামোগত ঘাটতি পূরণ করা হয়নি। এছাড়া নিম্নমানের ফেরো-অ্যালয় ব্যবহার এবং নির্ধারিত প্রক্রিয়ার সময়সীমা অনুসরণ না করার অভিযোগও তোলা হয়েছে।
সিটুর মতে, দীর্ঘদিন ধরে কর্মীসংখ্যা কমানোর নীতি, নতুন নিয়োগ বন্ধ রাখা, জোরপূর্বক স্বেচ্ছাবসর (VRS) এবং ৫,০০০-এরও বেশি দক্ষ চুক্তিভিত্তিক শ্রমিককে কাজ থেকে সরিয়ে দেওয়ার ফলে প্রশিক্ষিত জনবলের সংকট তৈরি হয়েছে। এর ফলে উৎপাদন প্রক্রিয়ার নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
সংগঠনটি দাবি করেছে, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, মানসম্পন্ন কাঁচামাল এবং নির্ধারিত পরিচালন পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। তাই একটি নিরপেক্ষ সংস্থার মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত করে দায় নির্ধারণ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সিটু। পাশাপাশি নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ এবং মৃতদের পরিবারের সদস্যদের দ্রুত স্থায়ী চাকরি দেওয়ার দাবিও জানানো হয়েছে।
কীওয়ার্ড: Labour Rights, Compensation, Contract Workers.


