পুনে, ১২ জুন: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে পুনেতে বড় আকারের ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হল। সাবিত্রীবাঈ ফুলে পুনে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার শিক্ষার্থী ও যুবক-যুবতী। আন্দোলনের নেতৃত্বে ছিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
বিক্ষোভকারীদের মূল দাবি, বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক ও সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি শিক্ষা ও নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও তোলা হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিজেপি নেতা অভিজিৎ দিপকে বলেন, প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ দুর্নীতির কারণে দেশের লক্ষ লক্ষ ছাত্র-যুবকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতির বিরুদ্ধে দেশব্যাপী জনমত গড়ে তুলতেই পুনে থেকে বৃহত্তর আন্দোলনের সূচনা করা হয়েছে।
প্রতিবাদকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। আন্দোলনকারীরা দাবি করেন, শিক্ষা ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে অবিলম্বে কঠোর পদক্ষেপ প্রয়োজন।
সমাবেশ থেকে সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, দাবি পূরণ না হলে আগামী ২০ জুন থেকে দিল্লিতে অনির্দিষ্টকালের ধর্ণা আন্দোলন শুরু করা হবে। একইসঙ্গে একটি শিক্ষা সংস্কার ম্যানিফেস্টো প্রকাশ করে পরীক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তনের দাবি জানানো হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, ছাত্র-যুবকদের অংশগ্রহণের কারণে পুনের এই কর্মসূচি জাতীয় স্তরে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে এবং আগামী দিনে আন্দোলনের বিস্তার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।





