পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে তীব্র ক্ষোভ, দাবি না মানলে দেশজুড়ে ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি
নয়াদিল্লি, ১০ জুন: NEET ও CBSE-কে ঘিরে সাম্প্রতিক বিতর্ক, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষাব্যবস্থার একাধিক অনিয়মের বিরুদ্ধে সরব হল স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)। বুধবার নয়াদিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠনটি কেন্দ্র সরকারের কাছে ১০ দিনের চরমপত্র জারি করে। দাবি পূরণ না হলে দেশজুড়ে বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারিও দেয় তারা।
সাংবাদিক বৈঠকে এসএফআই নেতৃত্ব অভিযোগ করে, দেশের কেন্দ্রীভূত পরীক্ষাব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। NEET এবং CBSE-সংক্রান্ত একের পর এক বিতর্ক লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। প্রশ্নপত্র ফাঁস, মূল্যায়ন পদ্ধতির ত্রুটি এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে শিক্ষার্থীরা মানসিক, শিক্ষাগত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি সংগঠনের।
এসএফআই-এর ৭ দফা দাবি
কেন্দ্র সরকারের কাছে এসএফআই নিম্নলিখিত দাবিগুলি পেশ করেছে—
১. শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: পরীক্ষায় অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার নৈতিক দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
২. NTA বিলুপ্ত করতে হবে: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র অধীনে বারবার পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। তাই সংস্থাটিকে বাতিল করার দাবি জানানো হয়েছে।
৩. পরীক্ষার বিকেন্দ্রীকরণ: জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ পরীক্ষা পরিচালনার ক্ষমতা রাজ্যগুলির হাতে তুলে দিতে হবে।
৪. CBSE-র OSM ব্যবস্থা বাতিল: অন-স্ক্রিন মার্কিং (OSM) পদ্ধতি ত্রুটিপূর্ণ বলে দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
৫. বিচারবিভাগীয় তদন্ত: NEET ও CBSE-সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতির অভিযোগে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি।
৬. পরীক্ষামাফিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
৭. ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ: পরীক্ষার অনিয়মে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের আর্থিক ও শিক্ষাগত ক্ষতিপূরণ দিতে হবে।
‘১০ দিনের মধ্যে ব্যবস্থা নিন, না হলে রাস্তায় দেখা হবে’
এসএফআই নেতৃত্ব জানিয়েছে, এই ১০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই কেন্দ্রকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দেশব্যাপী ছাত্র-যুব আন্দোলন গড়ে তোলা হবে। সংগঠনের বক্তব্য, শিক্ষাব্যবস্থাকে দুর্নীতি ও অনিয়মমুক্ত করতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার স্বার্থে এই আন্দোলন আরও জোরদার হবে।
সাংবাদিক বৈঠকের শেষে এসএফআই-এর বার্তা ছিল স্পষ্ট— "If Not, See You On The Streets"। অর্থাৎ দাবি না মানলে রাস্তায় নেমে দেশব্যাপী আন্দোলনের পথেই হাঁটবে ছাত্র সংগঠনটি।




