দুর্গাপুর, ৮ জুলাই: প্রয়াত মুখ্যমন্ত্রী ও বাম আন্দোলনের অন্যতম নেতা জ্যোতি বসুর ১১৩তম জন্মবার্ষিকীকে সামনে রেখে হিন্দুস্থান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের উদ্যোগে এ-জোনের লাল ময়দানে শুরু হল শহীদ আশীষ–জব্বর মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট–২০২৬।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান শ্রমিক নেতা ও প্রাক্তন সাংসদ জীবন রায় এবং দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি (বি) পটলী মহাশয়। জাতীয় পতাকা ও টুর্নামেন্টের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করেন টুর্নামেন্ট কমিটির কনভেনর তথা শ্রমিক নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়।
উদ্বোধনী ম্যাচে উখরা স্পোর্টিং ক্লাব দুরন্ত খেলায় ভারতী ভলিবল ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিশাল সূত্রধর, যিনি গোটা ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বহু প্রাক্তন ক্রীড়াবিদ, শ্রমিক নেতা, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় সমর্থকদের উপস্থিতি টুর্নামেন্টকে উৎসবের আবহ এনে দেয়। আয়োজকদের বক্তব্য, শ্রমিক-ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করা এবং নতুন প্রজন্মের ফুটবলারদের উৎসাহিত করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।
এবারের প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করছে। এ-জোনের লাল ময়দানে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট আগামী কয়েকদিন ধরে জমজমাট ফুটবল লড়াইয়ের সাক্ষী থাকবে।
















