দুর্গাপুর: কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান পালিত হল দুর্গাপুরে। ভারতীয় গণনাট্য সংঘের দুর্গাপুর ইস্পাত শাখার উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা, কবিতা, গান, নৃত্য, আলেখ্য ও নাটকের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের অন্যতম প্রগতিশীল কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করেন সোমনাথ ব্যানার্জি। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন রেবতী ভট্টাচার্য। কবির অমর সৃষ্টিকে স্মরণ করে আবৃত্তি পরিবেশন করেন শ্যামল ব্যানার্জি ও দীপক দেব।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘আগামীর চিঠি’ শীর্ষক আলেখ্য। এর রচনা সুতপা ঘোষ। পরিবেশনায় অংশ নেন সুতপা ঘোষ, সুমনা চক্রবর্তী ও সুস্মিতা ভৌমিক। নৃত্য পরিবেশন করেন অন্নেশা পান্ডা, রুমা সিকদার ও অনুশীলা ব্যানার্জি।
সবশেষে ছোটদের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘দিন বদলের পালা’। নাটকটির রচনা জয়তী হাজরা এবং পরিচালনায় ছিলেন সোমনাথ হাজরা। ছোটদের সাবলীল অভিনয় ও প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানে দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি সাংস্কৃতিক আয়োজনটির প্রতি মানুষের আগ্রহেরই প্রতিফলন হয়ে ওঠে। সুকান্তের কবিতা ও ভাবনার সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ ঘটানোর এই প্রয়াস বিশেষ তাৎপর্য বহন করে বলে মনে করেন আয়োজকরা।
অনুষ্ঠান শেষে অভিনন্দন জ্ঞাপন করেন ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক সাথী আশীষ তরু চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাথী কাকলি মণ্ডল।
সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষের সমাপ্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান তাই শুধু স্মরণসভায় সীমাবদ্ধ থাকেনি; কবির সংগ্রামী চেতনা, মানবিকতা ও পরিবর্তনের স্বপ্নকে গান, কবিতা, নৃত্য ও নাটকের ভাষায় নতুন করে দর্শকের সামনে তুলে ধরেছে।















