চন্দ্রকোনা রোড: তীব্র প্রতিরোধের মুখে পড়ল রাজ্যের শাসক ও বিরোধী গোষ্ঠীর পেশ পেশির রাজনীতি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে বামেদের এক বিশাল মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে চরম অস্বস্তিতে পড়ল স্থানীয় একাধিক বিজেপি কর্মী।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, বিভিন্ন জনমুখী দাবি নিয়ে চন্দ্রকোনা রোড এলাকায় এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল বামপন্থীরা। মিছিলটি শুরু হতেই এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়। অভিযোগ, হাতে মোটা মোটা লাঠি-সোটা নিয়ে জনা ১৫-২০ জন বিজেপি কর্মী আচমকা এসে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে।
তবে মিছিলের চেহারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। রাস্তা জুড়ে লাল ঝান্ডার বিশাল জমায়েত ও বাম কর্মী-সমর্থকদের মারমুখী মেজাজ দেখে বিজেপির ওই দলটি আর সামনে এগোতে সাহসী হয়নি।
সংগঠিত জনস্রোতের দাপটে শেষ পর্যন্ত লাঠিধারী বিজেপি কর্মীরা রণে ভঙ্গ দিতে বাধ্য হয়। উপস্থিত কয়েকজনের মতে, মিছিলের জনজোয়ার দেখে তারা এতটাই কোণঠাসা হয়ে পড়ে যে তড়িঘড়ি পাশের গলিতে গিয়ে আশ্রয় নেয় এবং নিজেদের আড়াল করতে পুলিশের কাছাকাছি চলে যায়।
এরপর এলাকা জুড়ে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলে বামেদের মিছিল। স্থানীয় সাধারণ মানুষের মতে, ভয় দেখিয়ে রাজনৈতিক মিছিল বা কর্মসূচি বানচাল করার যে চেষ্টা করা হয়েছিল, বিশাল রাজনৈতিক জমায়েতের মুখে তা এক মুহূর্তে ব্যর্থ হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা রোড এলাকায় রাজনৈতিক পারদ চরমে পৌঁছেছে।




