ফের রাজ্যে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাস্থল সেই মালদহ। রাস্তা থেকে এক মূক ও বধির নাবালিকাকে তুলে স্কুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল (Maldah Gang Rape Case)। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি এলাকায় ।বাড়ির কাছের রাস্তাতেই খেলছিল সে। অভিযোগ, আচমকাই তিনজন যুবক এসে তাকে জোর করে তুলে স্থানীয় এক স্কুলে নিয়ে যায়। স্কুলে ছুটি থাকায় কেউ ছিল না সেখানে। সেই সুযোগে ওই নাবালিকার ওপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্তরা।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, বাড়ির কাছের রাস্তা থেকে তাদের মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে। মূক ও বধির হওয়ায়, চিত্কার করতে পারেনি ওই নাবালিকা। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজ খবর শুরু করেন পরিবারের লোকেরা। স্কুলের মধ্যে থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়।


