নদিয়ার কালিগঞ্জ উপনির্বাচনে জয়ের পর তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস আবারও প্রকাশ্যে এল। ভোটে তৃতীয় স্থানে থাকা বিরোধী দলগুলোর কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এরই মধ্যে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। তৃণমূলের বোমার আঘাতে দশ বছরের তমন্না খাতুনের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। এই নৃশংস ঘটনার ফলে বঙ্গের গণতন্ত্রের ইতিহাসে আরও এক কালো অধ্যায় সংযোজিত হল।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে আজ বিক্ষোভ সংগঠিত করে সিপিআইএম। রাস্তা অবরোধ করে তমন্নার জন্য ন্যায়ের দাবি তোলে বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলেও বিক্ষোভ থামেনি। মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
তমন্নার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সিপিআইএম নেতারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি করেছেন। এই ঘটনার মাধ্যমে রাজ্যের শাসক দলের নৃশংস রাজনীতির চেহারা আবারও সামনে এসেছে বলে দাবি করেছে সিপিআইএম।




