ভিউজ নাও ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলে সোমবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আন্তোফাগাস্তা অঞ্চলের কালামা শহর সংলগ্ন এলাকা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০৯ কিলোমিটার গভীরে।
প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না মিললেও, একাধিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, জল সরবরাহের পাইপ ফেটে যাওয়া এবং পাহাড়ি রাস্তার উপর পাথর ধসে পড়ার ঘটনা ঘটেছে। কিছু সুপারমার্কেটেও তাক থেকে পণ্য পড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রশাসন জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনও আশঙ্কা তৈরি হয়নি।
চিলির গুরুত্বপূর্ণ তামার খনি ‘চুকিকামাতা’-তেও সাময়িকভাবে কাজ ব্যাহত হয়। নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য খনির কাজ স্থগিত রাখা হয়েছিল বলে জানা গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর উপর অবস্থান করার কারণে চিলি পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। নাজকা ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলেই এই ধরনের ভূমিকম্প প্রায়শই অনুভূত হয়।
উল্লেখ্য, অতীতেও একাধিক বিধ্বংসী ভূমিকম্পের সাক্ষী থেকেছে চিলি। ফলে সাম্প্রতিক এই কম্পনের পর নতুন করে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর।


