ভিউজ নাও ডেস্ক: ইউরোপজুড়ে যখন দক্ষিণপন্থী ও কর্পোরেটমুখী রাজনীতির উত্থান নিয়ে উদ্বেগ বাড়ছে, সেই সময় সাইপ্রাসের সংসদীয় নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল বামপন্থী দল AKEL - Progressive Party of the Working People। ৫৬ সদস্যের সংসদে ২৩.৮৬ শতাংশ ভোট পেয়ে ১৫টি আসন জিতে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে দলটি।
এই ফলাফলকে শুধু নির্বাচনী সাফল্য নয়, শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিকদের আস্থার পুনর্নির্মাণ হিসেবেও দেখছে AKEL। ফলাফল ঘোষণার পর দলের সাধারণ সম্পাদক Stefanos Stefanou বলেন, “মানুষ দেখিয়ে দিয়েছে তারা এখনও প্রগতিশীল, গণতান্ত্রিক এবং শ্রমিকমুখী রাজনীতির উপর ভরসা রাখে।”
রাজনৈতিক হতাশা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং সামাজিক বৈষম্যের আবহে AKEL তাদের প্রচারের কেন্দ্রে রেখেছিল সাধারণ মানুষের বাস্তব সমস্যাকে। দ্রব্যমূল্যের লাগামছাড়া বৃদ্ধি, শ্রমিকদের অধিকার খর্ব হওয়া, মধ্যবিত্তের সংকট, যুব সমাজের ভবিষ্যৎ এবং পেনশনভোগীদের নিরাপত্তার প্রশ্নে দলটি ধারাবাহিকভাবে সরব ছিল।
স্টেফানোউ বলেন, দীর্ঘদিন ধরে বামপন্থী শক্তিকে দুর্বল করার চেষ্টা চললেও AKEL সেই প্রবণতাকে উল্টে দিতে সক্ষম হয়েছে। তাঁর কথায়, “এই ফলাফল প্রমাণ করে মানুষের সংগ্রাম, সংগঠন এবং বিকল্প রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা আজও অটুট।”
তিনি আরও জানান, AKEL আগামী দিনে আরও বৃহত্তর প্রগতিশীল ঐক্য গড়ে তোলার পক্ষে কাজ করবে। অতিদক্ষিণপন্থার উত্থান রুখে দেওয়া, শ্রমিক অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করাই হবে সেই লড়াইয়ের মূল লক্ষ্য।
নির্বাচনী প্রচারে অংশ নেওয়া হাজার হাজার কর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে AKEL নেতৃত্ব জানিয়েছে, সংসদের ভিতরে ও বাইরে সাধারণ মানুষের দাবিদাওয়ার পক্ষে আন্দোলন আরও জোরদার করা হবে।
রাজনৈতিক মহলের মতে, এই ফলাফল শুধু সাইপ্রাসেই নয়, ইউরোপের প্রগতিশীল রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট ও সামাজিক অসন্তোষের আবহে বামপন্থী রাজনীতি যে এখনও মানুষের কাছে বিকল্প শক্তি হিসেবে গ্রহণযোগ্য, AKEL-এর এই সাফল্য তারই ইঙ্গিত দিচ্ছে।


