দুর্গাপুর, ১৪ জুলাই: ইউনাইটেড কন্ট্রাক্টারস্ ওয়ার্কার্স ইউনিয়নের পরিচালনায় এবং দুর্গাপুর টাউন ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত শহীদ নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এবং মহঃ রফি ফেয়ার প্লে ট্রফি-র আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুর্গাপুরের দুই পরিচিত ফুটবল দল উখরা ফুটবল একাডেমি ও পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব।
ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে অনুষ্ঠিত এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত ২-০ গোলে উখরা ফুটবল একাডেমিকে পরাজিত করে তারা জয় তুলে নেয়।
পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাবের হয়ে দুটি গোল করেন নাসির হাজ্দা এবং তরস মুর্মু। অসাধারণ নৈপুণ্য ও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য নাসির হাজ্দা-কে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়।
আজকের ম্যাচ পরিচালনা করেন রেফারি বাবলু কর্মকার। তাঁকে সহায়তা করেন পার্থ সারথী ব্যানার্জী এবং তাপস কেশ।
টুর্নামেন্টের আগামী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ জুলাই ২০২৬ (বুধবার)। বিকেল ৪টায় ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে মুখোমুখি হবে আই.এন. দিশারী সঙ্ঘ এবং দুর্গাপুর টাউন ক্লাব। আয়োজকদের পক্ষ থেকে ফুটবলপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।




