দুর্গাপুর: আরও একবার দুর্গাপুরে মিনিবাস কর্মচারীদের অমানবিক ও চরম সংবেদনহীন আচরণ দেখল শহরবাসী । বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে নিয়ে বাসে উঠতে গিয়ে চরম হেনস্থার শিকার হতে হলো এক অসহায় মাকে ।
ঘটনা সূত্রে জানা গেছে, এক মা তার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে সঙ্গে নিয়ে সিএমইআরআই (CMERI) সেন্ট্রাল স্কুলের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন । গন্তব্য ছিল হর্ষবর্ধন রোডের 'দুর্গাপুর হ্যান্ডিক্যাপড হোম' । সকাল আনুমানিক ১০টা ১৫ থেকে ১০টা ২০ মিনিট নাগাদ এ-জোন (A-Zone) রুটের "রাধে রাধে" নামের একটি বাস এলে তারা তাতে ওঠার চেষ্টা করেন । অভিযোগ, বাসের কন্ডাক্টর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটিকে দেখেই চিৎকার করে বলতে থাকে— "হ্যান্ডিক্যাপড, হ্যান্ডিক্যাপড! না না, নেওয়া যাবে না।" এই অজুহাতে তিনি মা ও সন্তানকে বাসে উঠতে না দিয়ে বাসটি নিয়ে চলে যান । পরবর্তীতে "লোকনাথ" নামের অন্য একটি বাসে উঠে তারা গন্তব্যে পৌঁছান ।
সমাজ থেকে পিছিয়ে পড়া এবং বিশেষ সহায়তার প্রয়োজন থাকা মানুষদের সঙ্গে বাস কর্মচারীদের এমন অন্যায় ও অমানবিক আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে । এ ধরনের সংবেদনহীনতার বিরুদ্ধে যদি সমাজের সর্বস্তরের মানুষ ও প্রশাসন কড়া পদক্ষেপ ও প্রতিবাদ না জানায়, তবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের অধিকার ও নিরাপত্তা আরও সুরক্ষিত রাখা কঠিন হয়ে পড়বে । সচেতন নাগরিকেরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন ।


