দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে মহাসমারোহে অনুষ্ঠিত হলো সামাজিক সংগঠন ‘অপরাজেয়’-র ৫ম বর্ষপূর্তি ও প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান ।
মহামারীর কঠিন সময়ে সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক পরিবারগুলোর পাশে দাঁড়ানোর যে মানবিক অঙ্গীকার নিয়ে ২০২০ সালের ১৯শে এপ্রিল সংস্থাটির যাত্রা শুরু হয়েছিল, তা আজ পাঁচ বছরে পদার্পণ করলো ।
অনুষ্ঠানে সংস্থার প্রতিনিধিরা তাঁদের বিগত পাঁচ বছরের সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন । করোনাকালে কলকাতার সাগরভাঙা বস্তি, জে সি বোস বস্তি, বংশীবেড়া, অন্ডাল, কাজোড়া, শস্যবেড়া কুষ্ঠ কলোনিসহ বিভিন্ন প্রান্তে নিয়মিত ত্রাণ ও ওষুধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে বাঁকুড়ার কুষ্ঠ হাসপাতালের প্রায় সাড়ে পাঁচশ রোগীর জীবনধারণের প্রয়োজনীয় সামগ্রী যোগান দেওয়ার কথা স্মরণ করা হয় ।
পাশাপাশি, রামকৃষ্ণদেরী অঞ্চলের প্রান্তিক পরিবারের শিশুদের জন্য পরিচালিত বিদ্যালয় এবং শিশুদের নাচ, গান ও চিত্রাঙ্কন প্রশিক্ষণের উদ্যোগও বিস্তারিত জানানো হয় ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক । রায়গঞ্জ থেকে উঠে আসা এবং জাতীয় ও রাজ্য স্তরের রিয়্যালিটি শো-তে সাফল্য অর্জনের পর, চলচ্চিত্র 'বিক্রম বেদায়' বিশাল-শেখরের সুর সংযোজনায় "অ্যালকোহলিয়া" গান গেয়ে ও বহু জনপ্রিয় বাংলা ছবিতে কণ্ঠ দিয়ে আজ তিনি সর্বভারতীয় স্তরে সুপ্রতিষ্ঠিত । এ দিনের মঞ্চে প্রধান অতিথি ও বিশেষ আকর্ষণ হিসেবে তাঁকে সাদর অভ্যর্থনা জানানো হয় এবং তিনি তাঁর সুরের মূর্ছনায় পুরো প্রেক্ষাগৃহকে মন্ত্রমুগ্ধ করে রাখেন ।
তারুণ্যের উদ্দীপ্ত চেতনা এবং অভিজ্ঞ শুভানুধ্যায়ীদের সহযোগিতায় অপরাজেয় আগামী দিনেও সমাজের অবহেলিত মানুষের সেবায় নিজেদের সমর্পিত রাখার বার্তা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।










